গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় রেজওয়ান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী শহরের বাশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাওছার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)।
আটক রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে পেট্রলের জন্য অপেক্ষা করছিলেন মোটরসাইকেল চালকরা। পরে সকাল ৯টার দিকে পেট্রল দেওয়া শুরু হয়। পাম্পের দুই পাশেই মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। বেলা সাড়ে ১২টার দিকে সিরিয়াল ছাড়া তেল দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন যুবক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে কাওছার ও জাহিদকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ফিলিং স্টেশনে পেট্রল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মুঠোফোনে জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রফিকুল/রিফাত/