জনগনের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতারা।
শনিবার (১১ এপ্রিল) ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করে ক্যাব।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি মোঃ শাহীন চৌধুরী, ক্যাব মহানগরের সদস্য মিটুল দাস গুপ্ত, পাঁচলাইশের সভাপতি এবিএম হুময়ুন কবির, বন্দরের সভাপতি আলমগীর বাদসা, ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, অধিকারের বিভাগীয় সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, আইএসডিই বাংলাদেশের ক্যাব কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের আবুদল আওয়াল শাহীন, মামুনুল ইসলাম, সালমান রশিদ অভি প্রমুখ।
সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকারের নিত্যপণ্যের বাজার তদারকির দায়িত্বে নিয়োজিতদের নিরবতার কারনে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। নানা ছলছাতুরীর মাধ্যমে তারা সরকারকে বোকা বানিয়ে নানা বাহনা তুলে মানুষকে জিম্মি করে পকেট কাটছে এবং কৃত্রিম সংকট তৈরী করে জনজীবনকে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরী করেছে। তারা প্রতিনিয়তই এধরনের কারসাজির মাধ্যমে অতি মুনাফা করে বিপুল পরিমান টাকা বিদেশে পাচার করেছে। এই সরকারের আমলেও আর একটি গ্রুপ একই কায়দায় অতিমুনাফা করার জন্য দেশব্যাপী ভোজ্যতেল, জ্বালানী তেল মজুদ করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর অক্টেন দেশে উৎপাদিত হলেও পেট্রোল পাম্পের মাালিক ও ডিপোর মালিকরা কৃত্রিম সংকট তৈরী করে ডিজেল অকটকেনসহ সব ধরনের জ্বালানী নিয়ে সংকট তৈরীর করে সারাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরী করেছে। জনগণের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।
ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও সরকারকে একটি মহল বিভিন্ন ভুল তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে জামাই আদর করতে পরামর্শ প্রদান করছেন। আর ব্যবসায়ীরা এ সুযোগে আগের মতো মানুষের পকেট কাটতে বসে আছেন। কিভাবে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা যায় সে চিন্তায় আছে।
তিনি আরও বলেন, ক্যাব চট্টগ্রাম অতীতেও ভোক্তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও যে কোন সংকটে জনগনকে সাথে নিয়ে রাজপথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়াবে। তিনি অতি দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। নাহলে পরিনাম শুভ হবে না।
তারেক মাহমুদ/এসএন