কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ কৃষি শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ ডাংগি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিহতদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানা থেকে স্বজনরা মরদেহগুলো গ্রহণ করে নিজ নিজ গ্রামে নিয়ে আসেন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি, আর উপার্জনক্ষম সদস্য হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে স্বজনদের ভবিষ্যৎ।
জানা যায়, মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালবোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং আরও ৬ জন আহত হন।
নিহতদের মধ্যে ৪ জন বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামের বাসিন্দা। তারা হলেন— সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। বিষয়টি নিশ্চিত করেছেন ৬নং জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামের নিহত ৩ জন হলেন— আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, স্বল্প ভাড়ায় ট্রাকে করে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারগুলো।
নিহত সুমনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটাই ছিল সংসারের একমাত্র ভরসা। এখন আমরা কীভাবে বাঁচবো?”
আবু হোসেনের স্ত্রী বলেন, “স্বামীকে হারিয়ে আমি এখন দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। সরকারের কাছে সহযোগিতা চাই।
নবাবগঞ্জের আফজাল হোসেনের ভাই জানান, “ভাই আমাদের সংসারের দায়িত্ব নিয়েছিল। তার মৃত্যুতে পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল।”
এ ঘটনায় দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সুলতান মাহমুদ/এসএন