ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের চাঁদপুরা গ্রামের দিনমজুর নির্মল বেপারী অবশেষে সরকারি সহায়তা পেয়েছেন।
গত রবিবার (১২ এপ্রিল) ‘পলিথিন ও খেজুর পাতার ছাউনিতে বসবাস’ শিরোনামে দৈনিক খবরের কাগজে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
খবরের কাগজে সংবাদটি প্রকাশের পর পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলআমিন চাঁদপুরা গ্রামের নির্মল বেপারীর বাড়ি পরিদর্শন করে প্রতিবেদন দিলে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ থেকে ত্রাণ সহায়তা হিসেবে নির্মল বেপারীকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, চাল ও শুকনাে খাবার দেওয়া হয়। নতুন টিন ও খাদ্যসহায়তা পেয়ে আনন্দে আত্মহারা নির্মল বেপারী ও তার স্ত্রী।
নির্মল বেপারী জানান, সংবাদ প্রকাশের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার বাড়ি পরিদর্শনে আসেন। তারপর উপজেলা প্রশাসন ঘর মেরামতের জন্য ঢেউটিন, নগদ টাকা, চাল ও শুকনাে খাবার দেন।
তিনি খবরের কাগজকে বলেন, ‘সরকারি সহায়তা পেয়ে আমি অনেক খুশি। এখন আর শীত বা বর্ষায় এত কষ্ট করতে হবে না। কখনো ভাবিনি আমার ভাঙা ঘরটি মেরামত হবে। বৃষ্টির আগেই টিন পেয়ে খুব উপকার হলো।’
তিনি এ সহায়তার জন্য ইউএনও ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ খবরের কাগজকে বলেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে নির্মল বেপারীর জরাজীর্ণ ঘরের বিষয়টি আমাদের নজরে আসে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা হিসেবে দুই বান ঢেউটিন, চাল ও শুকনা খাবার প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে নির্মল বেপারীকে একটি পাকা ঘর দেওয়ার বিষয়েও চেষ্টা করা হচ্ছে এবং তিনি যাতে সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
কামরুজ্জামান সুইট/অমিয়/