সাগরপথে মায়ানমারে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় একটি নৌকাসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সমুদ্রে টহলে নিয়োজিত নৌবাহিনী জাহাজ, ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে সিমেন্ট বোঝায় ওই ইঞ্জিনচালিত কাঠের নৌকা আটক করে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক নৌকা শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’। পরে দ্রুত নৌবাহিনী জাহাজ সেখানে পৌঁছে 'এফবি আব্দুর রহমান-২' নামে নৌকাটি আটক করে। এ সময় আটক বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড ব্যান্ডের সিমেন্ট জব্দসহ পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ১১ জনকে আটক করা হয়। বোটসহ জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫১ লাখ টাকা। পরে জব্দ নৌকা ও সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলামান থাকবে।
আলমগীর/রিফাত/