সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় সিলেট বিভাগের চার জেলার ২২৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সিলেট বিভাগজুড়ে ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম।
সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষা প্রথমদিন বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট বিভাগের চার জেলায় ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ৬৫০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৯৯৩ জন। এরমধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মৌলভীবাজারে ১৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৪২২ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী রয়েছে।
আজ সিলেট বিভাগে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে । এর মধ্যে সিলেট জেলায় ৯৪টি কেন্দ্র, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৪৯টি এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্র রয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ৫৮ হাজার ১৯৯ জন। এ বিভাগে ছাত্র ২৩ হাজার ৮৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১১১ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছে ২৫ হাজার ১৯১ জন। এর মধ্যে ৯ হাজার ৫১০ জন ছাত্র এবং ১৫ হাজার ৬৮১ জন ছাত্রী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৬ হাজার ২৫৩ জন এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২০১ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, ‘এ বছর সিলেট বোর্ডের অধীনে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ছেলেদের বিদেশমুখী প্রবণতার কারণে।
শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
শাকিলা ববি/অন্তরা