কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রুবেল মিয়া একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে তার স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে মারধর করেন।
পরে গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে রুবেলের পরিবার তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল।
ঘটনার পর গাঢাকা দেয় স্ত্রী জেসমিন, তার বড়ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা।
রুবেলের বাবা আব্দুল জলিল বলেন, আমার ছেলেকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাচ্ছি। খুনিদের দ্রুত গ্রেপ্তারের আবেদন করছি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত রুবেলের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই ছেলেকে হাসপাতালে নেওয়ার আগে আসামিদের পরিবারের সবাই পালিয়েছে ফলে তাদের পাওয়া যাচ্ছেনা। তবে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজ/অন্তরা