যশোরে মায়ের সঙ্গে ফুল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের জন্য উপহারসামগ্রী পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো অপ্রত্যাশিত উপহার হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী যশোর সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে একনজরে দেখতে সূর্যমুখী ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এখানেই তাদের বাড়ি। একপর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। বিষয়টি বাসের মধ্য থেকে নজরে পড়ে প্রধানমন্ত্রীর। পরে তিনি বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি এখানেই সীমাবদ্ধ থাকেনি।
সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন এবং বাড়িতে উপহার পাঠিয়েছেন। এতে আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা-মা।
যা বললেন শিশুটির বাবা-মা
শিশুটির মা আফরোজ খানম নিলিমা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এই অনূভূতি প্রকাশ করার মতো না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তানের জন্য উপহার এতটা সম্মানের যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা খুবই সাধারণ মানুষ, এটা আমাদের জন্য অন্য রকম এক সম্মান। প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে উনার হৃদয়ের সফট কর্নার থেকে বাস থেকে নেমে আসেন। আমি কোনোভাবেই কল্পনা করিনি তিনি আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসবেন।’
শিশুর বাবা সাজেদুর রহমান অপু উদীচী যশোরের নাট্য সম্পাদক। তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইনস্টিটিউট পরিদর্শন করবেন জেনে আমার সাত মাসের সন্তানকে নিয়ে স্ত্রী তাকে দেখার জন্য দাঁড়িয়েছিল। আমাদের বাড়ি ইনস্টিটিউটের গেটের পাশে। এরকম একটি ঘটনা ঘটে যাবে তা স্বপ্নেও ভাবিনি। এরপর প্রধানমন্ত্রী যখন আমার সন্তানের জন্য উপহার পাঠালেন তা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এটি আমাদের জীবনে এক বিরাট সম্মানের। বিশেষ উপহার পাঠিয়ে শিশুপ্রেমীর এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।’
‘আমরা বিএনপির পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুকে উপহার পাঠানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক আমরা তাদের বাড়িতে এসে উপহারসামগ্রী তুলে দিয়েছি।’
তুহিন/এসজি/