মাদারীপুরের শিবচরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৈশাখের টানা কয়েক দিনের বর্ষণে পাঁচ্চর স্টানের সড়কের দু’পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা এ কর্মসূচি পালন করেন।
রবিবার (৩ মে) সকাল ১১টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচর উপজেলার পাচ্চর বাসস্টান্ড এলাকায় শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদারের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা সড়কের আশপাশে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা দেন।
এ উদ্যোগকে আরও বেগবান করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। এছাড়াও শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সোরহাব বেপারীসহ বিএনপি ও শ্রমিক দলের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় সোহেল রানা বলেন, “আমরা হয়তো অল্প কয়েকজন মিলে পুরো উপজেলাকে পরিষ্কার রাখতে পারব না, তবে আমাদের এই উদ্যোগের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। পরিচ্ছন্নতা রক্ষা সবার দায়িত্ব। দলের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।”
তিনি আরও বলেন, সপ্তাহে অন্তত একদিন করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে।
মো: রফিকুল ইসলাম/এসএন