নড়াইলে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে আমিনুল ইসলাম (৫৭) নামে এক ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।।
গ্রেপ্তার ইমাম আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) সদর উপজেলার রুখালী গ্রামের বাসিন্দা। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম প্রতিদিন ফজর নামাজের পর মসজিদের বারান্দায় এলাকার শিশুদের আরবি পড়াতেন। মঙ্গলবার (৫ মে) মক্তব ছুটির পর অন্য শিশুদের বিদায় দিলেও ভুক্তভোগী ওই শিশুকে থাকতে বলেন তিনি। পরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করেন।
ঘটনার পর থেকে শিশুটি মক্তবে যেতে আপত্তি জানায়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে সে বিস্তারিত খুলে বলে। শিশুটি আরও জানায়, তার মতো আরও কয়েকজন শিশুর সঙ্গেও একই কাজ করেছেন ওই ইমাম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত আমিনুলকে ধরে পুলিশে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুদের যৌন নিপীড়নের কথা স্বীকার করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল রাতে ওই মসজিদেই থাকতেন। সকালে তার কাছে শিশুরা মক্তবে আরবি পড়তে যায়। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে চকলেটও পাওয়া গেছে। পড়ানো শেষে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় শুক্রবার দায়ের করা এক মামলায় আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার আদালতে পাঠানো হবে।