কুষ্টিয়ার খোকসায় রাতের আঁধারে সরকারি খাল খনন প্রকল্পের মাটিকাটার সময় দুটি ভেকু মেশিনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ভেকুর ব্যাটারি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) মধ্যরাতে উপজেলার মোড়াগাছা-হাসিপুর খালের উৎসমুখ দ্বিপচর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এর আগে গত ১৬ মার্চ আইনমন্ত্রী আসাদুজ্জামান আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজের উদ্বোধন করেন।
এরই মধ্যে মোড়াগাছা বাজারের স্লুইস গেট থেকে দ্বিপচরের ব্রিজ পর্যন্ত ৯শ মিটার খাল খননের কাজ শেষের দিকে পৌঁছেছে। এদিকে সরকারের অগ্রাধিকার প্রকল্পের ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ায় ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে দ্বিপচর ব্রিজের কাছে ভেকু মেশিন দিয়ে মাটিকাটা চলছিল। এ সময় গড়াই নদীর দিক থেকে ১০-১২ জনের একটি সশস্ত্র দল উঠে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা প্রথমে দুই নৈশ প্রহরী ও ভেকু চালকের সহযোগী সবুজ হোসেনের ওপর হামলা চালায়। ঘটনা টের পেয়ে ভেকুর চালকরা মেশিন ফেলে পালিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা ভেকু দুটি ভাঙচুর করে। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা প্রায় দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। তারা চলে যাওয়ার সময় ভেকুর মালিকের একটি মোটরসাইকেল, ভেকুর দুটি ব্যাটারি ও শ্রমিকদের দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
হামলার শিকার ভেকু চালকের সহযোগী সবুজ হোসেন জানান, তিনি ও দুই নৈশপ্রহরী মেশিনের পাশে ব্রিজের ওপর বসে ছিলেন। এ সময় গড়াই নদীর দিক থেকে অস্ত্রধারীরা এসে তাকে মারধর করে। তাদের প্রত্যেকের হাতে বন্দুক, পিস্তল ও কিরিচ (দেশীয় অস্ত্র) ছিল। দুর্বৃত্তরা যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যায়। প্রায় এক কিলোমিটার দূরে একটি লিচু বাগানের কাছে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরদিন সকালে মেশিন পোড়ানোর খবর শুনে দেখতে আসেন দ্বিপচরের বাসিন্দা মহিরন বিবি। তিনি জানান, চরের সরকারি জমির বালু, মাটি আর জমি দখল নিয়ে দুই-তিনটি পক্ষ আছে। তবে এবার সরকারি মেশিন পোড়ানোয় তিনি দুঃখ পেয়েছেন।
খোকসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন বলেন, ‘ঘটনাটি ক্লু-লেস। শুধু ডাকাতি ছাড়া কিছু বলা যায় না। আমরা এ ছাড়া আর কোনো তথ্য খুঁজে পাচ্ছি না।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের শানাক্তের কাজ চলছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তাসমিন জাহান বলেন, ‘সরকারের অগ্রাধিকার প্রকল্পে হামলার ঘটনার উৎস উদ্ঘাটন করতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা মামলা করবেন।’