মৌলভীবাজার জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা।
শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, এসপি মো. রিয়াজুল ইসলামকে জেলার দায়িত্বভার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে শনিবার (১৬ মে) এর মধ্যে পুলিশ সদর দপ্তরে সশরীরে রিপোর্ট করতে হবে।
তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সকালে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে প্রত্যাহারের এই সিদ্ধান্ত প্রশাসনিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আড়াই কোটি টাকার বিনিময়ে তিনি মৌলভীবাজারে এসপি হিসেবে বদলি হন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, অভিযোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনমনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
পত্রের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা জানান, এসপি মো. রিয়াজুল ইসলাম ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন।
এই আকস্মিক প্রত্যাহারের ঘটনায় যোগাযোগমাধ্যম ফেসবুকেও তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজনদের মাঝে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
পুলক পুরকায়স্থ/অন্তরা