পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২২ জেলার মানুষ, ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ প্রচণ্ড বেড়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে যানবাহনের চাপ বাড়লেও গাড়ির যানজট ও ধীরগতি লক্ষ্য করা যায়নি। মানুষ সাধারণত বাস, ট্রাক, মোটরসাইকেল, পিকআপসহ ছোট ছোট ব্যক্তিগত পরিবহনে যে যেভাবে পারছে, সেভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
জানা গেছে, স্বাভাবিক সময়ে যমুনা সেতু হয়ে প্রতিদিন উত্তরের ১৬টি ও দক্ষিণের পাঁচটি জেলার প্রায় ১৫ থেকে ১৬ হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু ঈদ এলে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। ফলে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে করে চরম ভোগান্তির শিকার হন ঈদে ঘরমুখী মানুষ। তবে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ এবং ফ্লাইওভারগুলো খুলে দেওয়ায় এ বছর তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন খবরের কাগজকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ১৮৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
এর আগের ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ১৩ হাজার ৩২৭টি এবং টোল আদায় বেড়েছে ৫২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন খবরের কাগজকে জানান, ঈদে ঘরে ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহাসড়কের কোথাও যানবাহন দাঁড়াতে দেওয়া হচ্ছে না। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। মানুষের জানমালের নিরাপত্তায় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
অমিয়/