একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ গত কয়েকদিন ধরে বাড়ি ফিরছেন।
এ ক্ষেত্রে রাজধানী ঢাকাসহ আশপাশ অঞ্চলের মানুষজন ঘরে ফেরার ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করছেন।
মঙ্গলবার (২৬ মে) ঘাটে যাত্রীদের ঢল নেমেছে।
ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ঘাট এলাকায় তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে পর্যাপ্ত যাত্রী ছাউনির অভাবে দীর্ঘসময় ভারী বৃষ্টিতে বহু যাত্রী ভিজে দুর্ভোগের শিকার হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে অসংখ্য মানুষের ভিড় রয়েছে। একই সঙ্গে কিছু যাত্রীবাহী বাসের সঙ্গে অধিকাংশই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১১টার পর থেকে নদী অববাহিকায় ঝোড়ো হাওয়া শুরু হয়। পরে বৃষ্টি ও ঝড়ের তীব্রতায় নদী উত্তাল হয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহন বোঝাই করে ফেরিগুলো পন্টুনে বেঁধে রাখা হয়। ঘাট এলাকার মহাসড়কে যানবাহনের কিছু সারি সৃষ্টি হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। বর্তমানে বহরে ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
দৌলতদিয়া ৭নং ঘাটে কর্মকর্তা নৌ-পুলিশের এসআই আবুজর গিফারি জানান, ঘাটে যাত্রীদের নিরাপত্তায় তারা কাজ করছেন। আবহাওয়া অনেকটা বৈরী হওয়ার কারণে অসংখ্য যাত্রী ফেরিতে নদী পার হয়ে আসছে। এতে তারা অধিকতর নিরাপত্তা বোধ করছেন। যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ফেরিঘাটে অ্যাপ্রোচ সড়কের একপাশ দিয়ে শুধুমাত্র যাত্রীদের চলাচলের জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে। সেখান দিয়ে চলাচল করতে এবং নির্দেশনা অনুযায়ী ফেরিতে যানবাহন ওঠানামার সময় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বাস হতে নেমে যেতে তারা উদ্বুদ্ধ করছেন।
মেহেদী হাসান/এসএন