কক্সবাজারের চকরিয়ায় প্রেমিকাকে উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন প্রেমিক নুরুল আমিন (২৪)।
শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে ছাইরাখালী এলাকার নুরুল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী প্রেমিক নুরুল আমিনের বাড়িতে চলে আসেন। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে মেয়ের পরিবারের কয়েকজন এ বিয়েতে আপত্তি জানিয়ে চকরিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে তরুণীকে উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের দাবি, তরুণী পুলিশের সঙ্গে যেতে আপত্তি জানায়। পরে পুলিশের আরও একটি দল সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে প্রেমিক নুরুল আমিন অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকাবাসী পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, ‘ভিকটিম উদ্ধার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তারেকুর রহমান/আমান