মানুষকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখার বার্তা দিলেন জেলা বিএনপির সদস্য ও ক্রীড়া সংগঠক কবীর আহমেদ ভূঁইয়া।
সোমবার (১ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার দরুইন গ্রামে আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধনের সময় তিনি এ বার্তা দেন।
বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে দুটি মোটরসাইকেল।
এ সময় তিনি বলেন, ‘মানুষকে খেলাধুলার আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়নে একটি করে মাঠ করার জন্য আবেদন করেছি। মাঠগুলো বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়নে খেলাধুলার বিস্তার ঘটাতে কাজ করব।’
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমাদের অঞ্চলের মানুষ খেলাপ্রিয়। যেকোনো খেলার আয়োজন এখানে উৎসবে পরিণত হয়। সীমান্ত এলাকার যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।’
এ উপলক্ষে শহিদ সিপাহী বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল ফুটবল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। মাঠের চারপাশ, রেললাইনের ধারের উঁচু জায়গায়, এমনকি আশেপাশের গাছের ডালেও বসে মানুষ অপেক্ষা করে ফুটবল ম্যাচ দেখার।
খেলা ঘিরে হাজারো মানুষের উপস্থিতি জানান দেয়, গ্রামবাংলার প্রাণ এখনো স্পন্দিত হয় ফুটবলের ছন্দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লায়ন রবিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া।
শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ট্রাইব্রেকারে কল্যাণপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলেজপাড়া একাদশ।
খাদিজা রুমি/অমিয়/