দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে পাননি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জেলা স্বাস্থ্য বিভাগকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে জেলা সিভিল সার্জন কার্যালয় ওই পাঁচ চিকিৎসককে শোকজ করেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে তাদের কর্মস্থলে থাকা প্রয়োজন ছিল। তারা এর ব্যত্যয় ঘটিয়েছেন এবং আমি শুনেছি স্থানীয় এমপি সেখানে গিয়ে তাদের পাননি। তারা কেন সঠিক সময়ের কর্মস্থলে উপস্থিত হয়নি তার কারণ দর্শানোর জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন এমপি হাসনাত আবদুল্লাহ। পরে দায়িত্বে অবহেলা ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসেন না। অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ব্রিফ দেন। সেই মিটিংয়ের উপস্থিতির তালিকা আমাকে পাঠাবেন। যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
পরে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাসনাত। পাশাপাশি রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির কথাও বলেন তিনি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্বে অবহেলার কারণে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জহির শান্ত/সালমান/