চট্টগ্রাম ওয়াসার বিলের টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার বিকেলে আটক করার পর ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা টাকা বিলের টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় চট্টগ্রাম ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট লুৎফি জাহান চকবাজার থানায় মামলার আবেদন করেছেন।
আটকরা হলেন- আজমির হোসেন ও মিঠুন ঘোষ। তারা দুজনই চট্টগ্রাম ওয়াসার কম্পিউটার অপারেটর পদে কাজ করেন।
জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার কিছু বড় বড় গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের প্রতিমাসে বিল ৫ থেকে ১০ লাখ টাকা। অনেক গ্রাহকের দুয়েক বছরের বিল বকেয়া থাকে। তখন ওয়াসা কর্তৃপক্ষ ওইসব গ্রাহককে কিস্তিতে বিল পরিশোধের সুযোগ দেয়। মিডল্যান্ড ব্যাংক, সাউটইস্ট ব্যাংক, জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংকে কিস্তিতে বিল পরিশোধ করেন বড় গ্রাহকরা। সম্প্রতি কিছু গ্রাহক অভিযোগ তোলেন। কিস্তিতে বিল শোধ করার পরও ওয়াসার অর্থ বিভাগ এসব টাকা জমা হয়নি বলে জানায়। পরে বিষয়টি তদন্ত করে ওয়াসা কর্তৃপক্ষ। তদন্তে দেখা যায় ওয়াসার কম্পিউটার অপারেটর ও ব্যাংকের কর্মকর্তারা ২০১৬ সাল থেকে জালিয়াতি করে বিলের টাকা আত্মসাৎ করে আসছেন।
মেহেদী/