চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে দুজন ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ও এনএসআই টিম।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- চট্টগ্রাম মহানগরের খুলশীর সেগুনবাগান এলাকার মো. গোলাম রসুলের ছেলে মো. জুম্মান (২১) এবং একই এলাকার মো. আসলামের ছেলে মো. ফিরোজ (২০)
মো. আব্দুল করিম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের কাছে নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে মামলা ও আটকের ভয়ভীতি দেখিয়ে কৌশলে মোটা অঙ্কের চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে লালদীঘি এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি ওয়াকিটকি, একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-ল ১৭-৯৭৫২) ও নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ দুজন ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়।
মেহেদী/