কক্সবাজারের উখিয়ায় আলোচিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত রওশান আরা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো চারজন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি কুতুপালংয়ের জমির বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুল মান্নানের বড় বোন। ঘুমধুম বড়বিল শ্বশুরবাড়ি থেকে কুতুপালং বাপের বাড়ি বেড়াতে এসে ছুরিকাঘাত হয়েছিলেন রওশন আরা৷
গত রবিবার সকালে উপজেলার কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন (৩৮), একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০) নিহত হন।
নিহত রওশন আরার স্বামী মো. শাহজাহান জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে পাঠানো হয়। দুই দিন পর সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন৷ এই মামলায় আব্দুল হামিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, এই চাঞ্চল্যকর ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী ও আব্দুল্লাহ আল মামুনের মা বাদী হয়ে পৃথকভাবে দুটি মামলা করেছেন৷ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার তিন জনের দাফন সম্পন্ন হয়েছে৷
রিদুয়ানুল হক/অমিয়/