শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের হামলায় আহত হয়েছেন পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই), কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশের তিন সদস্য। এ সময় মাজম আলীসহ আরও তিন মাদককারবারি প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিলেন। এ সময় পুলিশ মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও হামলা ঠেকাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে। রাতে এ ঘটনায় মামলা করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শাকিল/মৌসুমী/