টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ফলে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)–কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার রাত ৮টার দিকে র্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।
ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার জেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকে ইসমাইল পলাতক ছিলেন।
কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকেই ইসমাইল আত্মগোপনে চলে যান। ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করলে র্যাব তদন্ত শুরু করে। পরে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল/মেহেদী/