দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে ডিভাইস ব্যবহারকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে কেরি মেমোরিয়াল স্কুল কেন্দ্র থেকে পরীক্ষার্থী কৃষ্ণপদ রায়কে ডিভাইসসহ হাতেনাতে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরবর্তীতে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে মো. সবুজ (৩২) ও মামুনুর রশিদ মামুনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, এবং নকল স্ট্যাম্প জব্দ করা হয়।
গ্রেপ্তার কৃষ্ণপদ রায় দিনাজপুরের বিরল উপজেলার ছাঙ্গুল পূর্ব রামচন্দ্রপুর এলাকার আশুতোষ রায়ের ছেলে। আর সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত বলে জানায় পুলিশ।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রথমে পরীক্ষার্থী কৃষ্ণপদ রায়কে পরীক্ষাকেন্দ্র থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়ার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। অভিযানে পরীক্ষায় ব্যবহার করা হয়েছে এমন পাঁচটি ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদের পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশের ধারণা, গ্রেপ্তাররা একটি সংগঠিত চক্রের অংশ, যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছে।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
সুলতান মাহমুদ/অমিয়/