কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষোভে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)।
ঘটনার পর বিল্লাল হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।
জানা যায়, বিল্লাল হোসেন কয়েক বছর ধরে মাদক ব্যবসায় জড়িত। সোমবার সকালে বিল্লাল বাড়িতে মাদক নিয়ে আসেন। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। তখন কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে ঢুকতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের তর্কাতর্কি হয়। পরে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তা দেখে মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও কোপায়। এতে ঘটনাস্থলেই কামাল ও হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগম মারা যান।
নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা জানান, সম্প্রতি প্রবাস থেকে এসেছেন ছোট ভাই কামাল হোসেন। তারপর থেকেই জমি ভাগাভাগি নিয়ে কামাল ও বিল্লালের মধ্যে ঝগড়া শুরু হয়। এর মধ্যে কামালকে বাড়িতে না আসতে হুমকি দেয় বিল্লাল।
নিহত কামালের স্ত্রী আমেনা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আমার স্বামীর সাথে ভাসুর বিল্লালের দীর্ঘদিনের বিরোধ ছিল। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিবাদ প্রকট হয়। বিল্লাল ভাই বিভিন্ন সময় আমার স্বামীকে বাড়িতে না আসতে হুমকি দিতেন। বিল্লাল ভাই পাঁচ বছর যাবত মাদক পরিবহনের সঙ্গে জড়িত। আমার স্বামী তার ভাইকে মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাধা দিলে তার ওপর হামলা করে। আমার শাশুড়ি বাঁচাতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জহির শান্ত/অমিয়/