রাজধানীর মোহাম্মদপুরে বাবু (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় নিহতের বাবা আবুল কাশেমকে (৫৫) গুরুতর আহত করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) পূর্ব শত্রুতার জেরে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ডি-ব্লকের তিন নম্বর রোডে নিহতের বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত জখম অবস্থায় বাবা-ছেলেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং তার বাবাকে ভর্তি করিয়ে চিকিৎসাধীন রেখেছেন।
নিহতের বোন আখতারী বেগম জানান, টাকা লেনদেন নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে স্থানীয় রাজিবের সঙ্গে তার বাবা কাশেমের হাতাহাতি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নম্বর রোডে গিয়ে রাজিবসহ কয়েকজনে মিলে এলোপাথাড়ি কুপিয়ে, বাবা কাশেম ও ছেলে বাবুকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
আলমগীর হোসেন/নাঈম