ময়মনসিংহের ত্রিশালে মুনতাসীর ফাহিমকে (২২) খুন করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন বন্ধু অহিদুল ইসলাম অনিক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল অ্যাকাডেমির মাঠে খুনের এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে।
থানায় আত্মসমর্পণকারী অনিক, ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা। মুনতাসীর ফাহিম ও অহিদুল ইসলাম অনিক বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুনতাসীর ফাহিম মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। চার মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল। তিনি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকতেন। রাতে সরকারি নজরুল অ্যাকাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমকে ডেকে নিয়ে তার ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় তার বন্ধু অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় আসেন এবং ডিউটি অফিসারকে তার বন্ধুকে হত্যার ঘটনা জানান। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।
ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিমকে অনিক মাঝে মাঝে ডেকে নিয়ে যেত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উন্মোচনসহ হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করছি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করার কথা অনিক স্বীকার করেছে তবে হত্যার আসল কারণ এখনও জানা যায়নি, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
কামরুজ্জামান/নাঈম