ঢাকার সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত এক শিশুসহ দুই ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ৫ মাসে এই কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হলো।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাব ও সাভার সেনা ক্যাম্পের সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে তারা সাভার মডেল থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানা পুলিশ জানায়, দুপুরের দিকে থানা রোড এলাকায় পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে কয়েকজন শিক্ষার্থী প্রশ্রাব করার জন্য প্রবেশ করলে পোড়া মরদেহ দেখতে পায়। পরে তারা ৯৯৯ এ ফোন করে জানালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতদের একজন নারী ও অপরজন ছেলে শিশু হতে পারে বলে ধারণা পুলিশের। তবে মরদেহ দুটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতদের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত এই ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ১১ অক্টোবর রাতে উদ্ধার করা হয় অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ। এছাড়া ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ দুটি থেকে ধোয়া বেরুতে দেখে ধারণা করা হচ্ছে ভোরের দিকে তাদেরকে পুড়িয়ে হত্যা বা হত্যার পর লাশ পোড়ানো হয়েছে। দুজনের মধ্যে একটি শিশু। অন্যজন পুরুষ না নারী তা বোঝা যাচ্ছে না।
তিনি জানান, এর আগে একই ভবন থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনেরও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ভবনের চারপাশে থাকা সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
অমিয়/