মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী নাহিদ মিয়া ও শাশুড়ি রেনু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী নাহিদ মিয়া এবং তার মা রেনু বেগমকে ঘিওর উপজেলার ভালকুটিয়া গ্রামে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ১৬ এপ্রিল শিবালয় থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, পারিবারিকভাবে বিয়ের পর থেকেই ওই নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় স্বামী কৌশলে ধারণ করা ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ৩ এপ্রিল গভীর রাতে একটি ফেসবুক গ্রুপে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি, মোবাইল নম্বর এবং সম্মানহানিকর ক্যাপশনসহ পোস্ট করা হয়। এরপর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাকে অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আগে লিখিত অভিযোগ দিলেও তাৎক্ষণিকভাবে মামলা না হওয়ায় তাকে ভোগান্তির শিকার হতে হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
জামান/রিফাত/