পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ, পণ্য বিক্রি থেকে আয়, আর্থিক সক্ষমতাসহ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং ইতোমধ্যে তা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির যুগ্ম পরিচালক মোহাম্মদ জহিরুল হক, সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও মো. মাহমুদুল হাসান।
বিএসইসি থেকে অলটেক্স ইন্ডাস্ট্রিজে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক বিষয় তদন্ত করা প্রয়োজন বলে মনে করে বিএসইসি। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২১-এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কোম্পানিটির সার্বিক বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ, মজুত পণ্য এবং বিক্রীত পণ্যের খরচ যাচাই করবে। সেই সঙ্গে এর সত্যতা নিশ্চিত করবে। কারখানা নির্মাণে পণ্যসামগ্রী কেনার জন্য অগ্রিম টাকা পরিশোধ করা এবং পণ্য বিক্রি করে যে আয় হয়েছে, তা যাচাই করবে। জমি ও কারখানার সরঞ্জামের পুনর্মূল্যায়ন সঠিকভাবে হয়েছে কি না এবং বিলম্বিত কর (ডেফার্ড ট্যাক্স) ইস্যুর সত্যতা যাচাই করবে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি ও স্বল্প মেয়াদি ঋণ এবং তা পরিশোধের সক্ষমতা যাচাই করবে তদন্ত কমিটি। অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগী কোম্পানির মধ্যে যেসব লেনদেন হয়েছে তাও যাচাই করবে তদন্ত কমিটি। ভবিষ্যতে কোম্পানিটি ব্যবসায় টিকে থাকতে পারবে কি না, সেটিও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে দশমিক শূন্য ১ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ দশমিক ৭০ টাকা। লোকসানে থাকায় কোম্পানিটি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯২ টাকা। আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটির শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ নভেম্বর।
জেড ক্যাটাগরির এই কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূলত ঋণে জর্জরিত। এ অবস্থায় ২০১৬ সালে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকা এ কোম্পানিকে ২০২১ সালে ১০ বছরের জন্য ভাড়া নেয় চীনা কোম্পানি হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ছাড়া কোম্পানিটি একাধিকবার উৎপাদন শুরু করার তথ্য প্রকাশ করলে পুনরায় আবার তা বন্ধ ঘোষণা করা হয়। প্রথম দফায় ২০২০ সালের ২ নভেম্বর থেকে ৪৫ দিন কোম্পানিটির কারখানা বন্ধ থাকে। এরপর গত ২০ ডিসেম্বর থেকে আরও ১ মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কোম্পানিটি পুনরায় উৎপাদনে ফেরে।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৬ সালে। এর দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ৪ কোটি ৩২ লাখ ও স্বল্প মেয়াদি ঋণ ২৯ কোটি ৮৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ২৫ কোটি ১ লাখ টাকা।