জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (আইএলবিএস) পরিচালিত ভর্তি কার্যক্রমে আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। নির্বাচিত এমফিল গবেষকরা মাসে ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকরা ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। আবেদনকারীরা ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, দুই বছর মেয়াদি এমফিল প্রোগ্রামটি মোট ৪০ ক্রেডিটের। এতে প্রথম বছরে দুটি সেমিস্টার (মোট ১২ মাস) সম্পন্ন করার পর দ্বিতীয় বছরে থিসিস শেষ করতে হবে।
আরো পড়ুন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
আবেদনকারী প্রার্থীর ব্যাচেলর ও মাস্টার্স উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩ (সিজিপিএ-৪-এর মধ্যে) থাকতে হবে।
অন্যদিকে পিএইচডি প্রোগ্রামটির মেয়াদ চার বছর এবং মোট ক্রেডিট ৫২। পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হলে প্রার্থীর এমফিল ডিগ্রি থাকতে হবে। তবে একাডেমিশিয়ান, গবেষক, উন্নয়ন কর্মী বা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্যতা শিথিল করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সব প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/ asdmissions আবেদন ফরম পাওয়া যাবে।
কবীর