সপ্তম অধ্যায় : বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম
নমুনা প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ব্র্যাকের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর: ব্র্যাক হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও। গ্রামীণ দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্র্যাক প্রচেষ্টা চালায়। ব্র্যাকের গৃহীত কর্মসূচির মধ্যে পল্লী উন্নয়ন, পল্লী ঋণদান, স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গবেষণা ও মূল্যায়ন অন্যতম। এসব কার্যক্রম বা কর্মসূচিতে সমাজকর্ম পদ্ধতির অনুশীলনের যথেষ্ট সুযোগ বিদ্যমান। নিম্নে পদ্ধতিভিত্তিক অনুশীলন ব্যবস্থা আলোচনা করা হলো-
১. ব্যক্তি সমাজকর্ম ও ব্র্যাকের কার্যক্রম: ব্যক্তি সমাজকর্ম এমন এক সাহায্যকারী প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির ভূমিকা পালন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত সামর্থ্যের উন্নয়ন ও বিকাশ সাধন করা হয়। অন্যদিকে ব্র্যাকের উদ্দেশ্য হলো দরিদ্রদের আত্ম সাহায্যে উদ্বুদ্ধ করা, সচেতনতা সৃষ্টিকারী প্রশিক্ষণ দান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি করা ইত্যাদি। এ ধরনের উদ্দেশ্য সাধনে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রক্রিয়া বিশেষ করে সমস্যা নিরূপণ ও হস্তক্ষেপ ব্যবস্থা খুবই ফলপ্রসূ হবে। এ ছাড়া ব্যক্তিভিত্তিক উদ্বুদ্ধকরণেও ব্যক্তি সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
২. দল সমাজকর্ম: প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা বিস্তারে পদক্ষেপ, বেকারত্ব, দূরীকরণ, পুষ্টিহীনতা দূরীকরণ, আয় বৃদ্ধিমূলক পদক্ষেপ, প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদি কর্মকাণ্ডে ব্র্যাক দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করে থাকে। এ ছাড়া কৃষি ও মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প, খামার উন্নয়ন কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি, চিত্তবিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম, গ্রন্থাগার স্থাপন ও পরিচালনা কর্মসূচি, ব্র্যাক চিকিৎসা কেন্দ্র, নারীর ক্ষমতায়ন ইত্যাদি কর্মকাণ্ডে ব্র্যাক সমাজকর্মের দল সমাজকর্ম পদ্ধতি অনুসরণ করে থাকে।
৩. সমষ্টি সমাজকর্ম: ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে সমষ্টি সমাজকর্মের প্রয়োগ দেখা যায়। অ্যাসিড এবং সন্ত্রাসের বিরুদ্ধে ব্র্যাকের সামাজিক আন্দোলনের একটি উদাহরণ। স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে ব্র্যাককে কখনো কখনো সমষ্টি সমাজকর্মের অনুশীলন করতে দেখা যায়।
৪. সমাজকল্যাণ প্রশাসন: ব্র্যাক সমন্বিত ব্যবস্থার মাধ্যমে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সময় যেসব কার্যক্রম গ্রহণ করে সেগুলো বিশ্লেষণ করলে সমাজকর্মের এ পদ্ধতির প্রয়োগ দেখা যায়। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সমাজকল্যাণমূলক প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় সাধনের মাধ্যমে ব্র্যাক কার্যকরভাবে সেবা দিয়ে থাকে।
৫. সমাজকর্ম গবেষণা: মানসম্মত নীতি প্রণয়ন, সমস্যা বিশ্লেষণ ও বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সেবার জন্য ব্র্যাক সুপরিচিত। এক্ষেত্রে কার্যকরী নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের বাস্তবতা নির্ভর রূপকল্প নীতি বাস্তবায়নে সামাজিক গবেষণার অনুশীলন লক্ষ করা যায়।
৬. সামাজিক কার্যক্রম: ব্র্যাক জনগোষ্ঠীর আত্মসচেতনতা সৃষ্টি, বঞ্চিত, দুস্থ, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস ও উন্নয়ন চেতনা সৃষ্টি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপুষ্টি দূরীকরণ, নারী নির্যাতন প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, জেন্ডার সমতা, কুটির শিল্পের উন্নয়ন প্রভৃতি কার্যক্রমে সামাজিক কার্যক্রম পদ্ধতির অনুশীলন লক্ষ করা যায়।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা
কবীর