হলিউড অভিনেত্রী কেট হাডসন ক্যারিয়ারে ‘হাউ টু লস আ গাই ইন টেন ডেজ’ এবং ‘অলমোস্ট ফেমাস’-এর মতো সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি অর্জন করেছেন। দুনিয়াজুড়ে এই অভিনেত্রীর অনেক ভক্তকুলও রয়েছে। অথচ তিনিই কিনা একটি সিনেমার কাজ ছেড়ে দেওয়ায় পরবর্তী সময়ে আফসোস করেছিলেন! সম্প্রতি অনুতপ্তের বিষয়টি নিজেই জানিয়েছেন এই মার্কিন তারকা।
২০০৬ সালে মুক্তি পাওয়া হলিউডের হিট কমেডি সিনেমা ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’তে অ্যান্ডি শ্যাক্সের প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কেট। কিন্তু সে সময়ে কাজটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি ক্যাপিটাল এফএম-কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, ‘সিনেমাটি আমার করা উচিত ছিল, যদিও আমি এটা করিনি। আসলে তখন আমার হাতে আরও অনেক ছবির কাজ ছিল। তাই কাজটি তখন ফিরিয়ে দিয়েছিলাম।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। এই ছবিটি না করার পেছনেও কারণ ছিল। যখন ছবিটির প্রস্তাব পেয়েছিলাম, তখন আরও কিছু ছবির কাজে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। কিন্তু আমার সত্যিই এমন অনুভূতি হয়েছিল যে, ছবিটিতে আমার কাজ করা উচিত ছিল। অনেক সময় কাজ না করার পেছনে সেটা অপছন্দ হওয়াই একমাত্র কারণ হিসেবে থাকে না। কিছু কিছু সময় ইচ্ছে থাকার পরও সময়ের অভাবে অভিনয় করা সম্ভব হয় না। এটা খুবই বাজে একটা অনুভূতি।’
ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’ ছবিটিতে কেট হাডসন অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুকির মতো তারকারা এটিতে অভিনয় করেছিলেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্যের মুখ দেখেছিল।
/ফারজানা ফাহমি