গ্রামের শিক্ষিত ও নিম্নবিত্ত সংসারের ছেলে শফিক। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়ায়। শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি খুবই সিরিয়াস।
অন্যদিকে চেয়ারম্যানের আদরের মেয়ে কেয়া আক্তার। পড়াশোনার চেয়ে উদাসীন থাকতেই বেশি পছন্দ। সেই কেয়াও মাস্টার শফিকের কাছে পড়তে আসে। তৈরি হয় শফিক ও কেয়ার মধ্যে নানা জটিলতা।
এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের একটি নাটক। এর নাম ‘লাভ ইউ টিচার’। শিক্ষকের ভূমিকায় জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবং শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী ফারিণ খান। গল্পের পাশাপাশি নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এ সম্পর্কে নির্মাতা বলেন, ‘শিক্ষক-ছাত্রীর মধ্যকার প্রেমের ঘটনা নতুন নয়। তবে আমাদের গল্পটি পুরোনো গল্পের ইউনিক ভার্সন। প্রেম, বিরহ, ফান- গল্পটিতে সবই থাকছে। শিক্ষকের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন অভিনেতা ফারহান। ছাত্রীর চরিত্রে ফারিণ মিশে গেছেন। দর্শকরা গল্পটি উপভোগ করবেন, নিশ্চিত।’
/শাকিল