জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে মঞ্চে আসছে নাটক ‘কমলা রঙের বোধ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন অলোক বসু। নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি আজ শুক্রবার, নবমে ‘জীবনানন্দ নাট্য উৎসব’-এ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
এ উৎসবে দুই কিস্তিতে আটটি প্রদর্শনী করবে থিয়েটার ফ্যাক্টরি। আজ থেকে রবিবার টানা তিন দিনে প্রথম চারটি প্রদর্শনী রয়েছে। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় এবং রবিবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির প্রদর্শনী রয়েছে। দেড় সপ্তাহ পর আবার বাকি চার প্রদর্শনী হবে। থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, নাটকে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন। এতে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাস, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশসহ বিভিন্ন চরিত্র রয়েছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাইদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজীব, নওরীন পাপড়ী, শিশিরবিন্দু ও সূর্য সরকার।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ১৪ অক্টোবর ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন জীবনানন্দ দাশ। সেখান থেকেই শুরু নাটকের আখ্যান। ২২ অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে চিন্তার জগতে তার জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার মুখোমুখি হন কবি।
/রিয়াজ


.jpg)