দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের আসন্ন চলচ্চিত্র ‘জন নায়ক’ হতে চলেছে তার সম্ভাব্য শেষ সিনেমা। ছবিটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ছবিটিকে ঘিরে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ধারণা করা হচ্ছে, এরপর হয়তো রুপালি পর্দায় আর দেখা যাবে না বিজয়কে।
ইতোমধ্যে ছবিতে নিজের অংশের শুটিং শেষ করেছেন পূজা। সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এ অভিনেত্রী জানান, তিনি ‘জন নায়ক’ ছবির শুটিং শেষ করেছেন। নিজের একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করে তিনি লেখেন, ‘এবং আজকের শুটিংয়ের মধ্যদিয়ে জন নায়ক সিনেমায় আমার কাজের অংশটুকু শেষ করলাম।’
উল্লেখ্য, শুরুতে ২০২৪ সালের সেপ্টেম্বরে এ সিনেমাটির নাম ‘থালাপতি ৬৯’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে নাম পরিবর্তন করে ‘জন নায়ক’ রাখা হয়। এটি থালাপতি বিজয়ের ৬৯তম চলচ্চিত্র হতে যাচ্ছে এবং অভিনেতার রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে সিনেমাটিকে বিজয়ের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ছবিটিতে পূজা হেগড়ে ছাড়াও বিজয়ের প্রতিপক্ষের চরিত্রে আছেন ‘অ্যানিমেল’খ্যাত বলিউড তারকা ববি দেওল। এ ছাড়া গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, শ্রুতি হাসান, ভারালক্ষ্মী শরৎকুমার, নারায়ণ, মমিতা বৈজু ও মনীষা ব্লেসির মতো অভিনয়শিল্পীদের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে মিউজিক কম্পোজার হিসেবে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র, যিনি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতেও কাজ করেছিলেন।
রাজনৈতিক, সামাজিক ও অ্যাকশনধর্মী সিনেমা ‘জন নায়ক’ আগামী বছরের ৯ জানুয়ারি তামিল, তেলেগু, হিন্দি, মালয়লাম ও কন্নড় ভাষায় প্যান ইন্ডিয়া আকারে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
/এমএস


.jpg)