ভারতের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানটি এখন পর্যন্ত শোনেনি বা দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। ২০০২ সালে প্রকাশিত এই গানটি তখন ভারতসহ গোটা উপমহাদেশে ঝড় তুলেছিল। সেই গানটিতে অভিনয় করেই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালার। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো এ অভিনেত্রী অবশেষে মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।
মুম্বাইয়ের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় শেফালির। এর পর পরই স্বামী পরাগ ত্যাগী রাতেই মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভারতীয় অধিকাংশ গণমাধ্যম অভিনেত্রীর মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছে বলে উল্লেখ করেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আজ শনিবার সকালে শহরের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য অভিনেত্রীর লাশ পাঠানো হয়।
উল্লেখ্য, মৃত্যুর আগে ক্যারিয়ারে এ অভিনেত্রী মোট ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ২০০৪ সালে ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমায় ক্যামিও চরিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেন। তারও দুই বছর আগে ২০০২ সালে নিজের বিয়েও সেরে ফেলেন তিনি। কিন্তু সে জীবন সুখের হয়নি।
শেষ পর্যন্ত ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে বিচ্ছেদের ঘোষণা দেন। তার পর থেকে তাকে আর ক্যামেরার সামনে খুব একটা দেখা যায়নি।
কয়েক বছর পর পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেন শেফালি। ২০১৪ সালে তারা বিয়েও করেন। তবে শোবিজে নিয়মিত কাজ না করলেও ‘কাঁটা লাগা’ গানের পরিচিতিই সব সময় তাকে লাইমলাইটে রাখতে সাহায্য করেছে। পরে ‘বিগ বস ১৩’-তেও অংশ নেন তিনি। সবকিছু ঠিকভাবে চললেও হঠাৎ করেই অকালপ্রয়াণ হলো এ অভিনেত্রীর।
অবশ্য শেফালির মৃত্যুতে এবার নতুন করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর ইন্সটাগ্রামে দেওয়া অভিনেত্রীর শেষ পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে আবেগঘন মুহূর্ত শেয়ার করেছিলেন। এ ছাড়া মৃত্যুর আগে মা হতে না পারার আক্ষেপটাও তার ভেতর রয়ে গিয়েছিল। ভারতের এক সংবাদমাধ্যমকে নিজেই এমনটা জানিয়েছিলেন এ অভিনেত্রী।
বলিউডলাইফকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি জানান, ছোটবেলা থেকেই একটি কন্যাসন্তান দত্তক নেওয়া তার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু তার পরিবার এ বিষয়ে কখনোই সম্মত ছিল না। প্রসঙ্গত, মৃত্যুর পর অভিনেত্রীর বাড়িতে ফরেনসিক টিমও গিয়েছিল।
/এমএস