হেভি মেটালের জনক কিংবদন্তি শিল্পী ওজি অসবোর্ন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে পরিবারের সান্নিধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি স্ত্রী শ্যারন, সন্তান এলিয়ট, জেসিকা, লুইস, আইমি, কেলি, জ্যাক আর লাখো-কোটি ভক্ত রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'আমাদের প্রিয় ওজি আর নেই। পরিবারের সবার ভালোবাসায় ঘেরা অবস্থায় তিনি আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।'
২০১৯ সালে পারকিনসনস রোগ ধরা পড়ে ওজির। ২০২০ সালে তিনি বলেছিলেন, “চ্যালেঞ্জ অনেক, কিন্তু আমি এখনই হার মানছি না।”
হেভি মেটালের জনক
জি অসবোর্নের জন্ম ইংল্যান্ডের ছোট্ট শহর Marston Green-এর এক সাধারণ পরিবারে। তার জীবন সহজ ছিল না। শৈশবে নির্যাতন, কারাবাস, আত্মহত্যার চেষ্টা সবকিছু পেরিয়ে সংগীতেই খুঁজে পেয়েছিলেন আশ্রয়।
১৯৬৯ সালে বন্ধুদের নিয়ে ব্যান্ড Black Sabbath শুরু করার মাধ্যমে ওজির কণ্ঠ আর ব্যান্ডের গিটার রিফ মিলে গড়ে তোলেন হেভি মেটালের ভিত্তি।
তার অমর সব গানের মধ্যে রয়েছে- 'Paranoid, Iron Man, War Pigs, Crazy Train, No More Tears'
২০০০ দশকে রিয়েলিটি শো ‘The Osbournes’ এর মাধ্যমে ওজি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। পরিবারকে নিয়ে নির্মিত এই শো দর্শকদের মন জয় করে নেয়, আর ওজি হয়ে ওঠেন গিটার ছাড়াও জনপ্রিয় টিভি তারকা।
ব্যক্তিগত জীবনে ৫টি গ্র্যামি অ্যাওয়ার্ড, রক অ্যান্ড রোল হল অফ ফেমে নাম ২ বার, প্রতিষ্ঠাতা Ozzfest, বিশ্বের অন্যতম সফল মেটাল ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করেছেন ওজি।
গত ৫ জুলাই ওজি Black Sabbath-এর আসল সদস্যদের নিয়ে তার জীবনের শেষ কনসার্ট করেন। যদিও পুরোটা সময় তিনি মঞ্চে বসে থেকে গান করেন।
তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মেহেদী/