হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নিজের পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। ২০২১ সালে দ্য গার্ডিয়ান-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী স্পষ্ট করেন, সম্পর্কের সময় তিনি ‘ভয় পেয়েছিলেন’ এবং তার পরিবারের সুরক্ষা নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন।
সাক্ষাৎকারে জোলি বলেন, ‘হ্যাঁ, আমার পরিবারের জন্য। আমার পুরো পরিবারের জন্য।’ যদিও সে সময় জোলি ও পিটের মধ্যে আইনি প্রক্রিয়া চলমান থাকায় তিনি বিস্তারিতভাবে বেশি কিছু বলেননি।
‘ম্যালিফিসেন্ট’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত সহজ ছিল না এবং এটি নিতে তার দীর্ঘ সময় লেগেছে। তিনি বলেন, ‘আমি এমন কেউ নই যে, কোনো সিদ্ধান্ত হালকাভাবে নিয়ে ফেলি।’ উল্লেখ্য, ২০১৭ সালে ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ আনেন জোলি। এ বিষয়ে খোলাখুলি কিছু না বললেও সাক্ষাৎকারটিতে মাথা নেড়ে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

জোলির মতে, এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। ‘এফ১’ অভিনেতার সঙ্গে পাঁচ বছর লড়াইয়ের পর তার অনুভূতি কেমন ছিল, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জোলি বলেন, ‘এই পরিস্থিতি গত দশক থেকে তৈরি হয়েছিল। এখানে আরও অনেক কিছু আছে, যা আমি বলতে পারছি না।’
প্রসঙ্গত, সাবেক দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসারে ছয় সন্তান রয়েছে- দত্তক পুত্র ম্যাডক্স (২৩) ও প্যাক্স (২১), দত্তক কন্যা জাহারা (২০), শিলো (১৯) এবং যমজ পুত্র নক্স ও ভিভিয়েন (১৭)।
গত বছরের ডিসেম্বরে দুজন আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেলেও একটি ফরাসি ওয়াইনারির মালিকানা নিয়ে সাবেক এই দম্পতি এখনো আইনি বিরোধে জড়িত আছেন।
/এমএস


.jpg)