বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবার মাদকবিরোধী প্রচার করছে। এই প্রচারে অংশ নিতে দেখা গেল আলিয়া ভাটকে। এই অভিনেত্রীর ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের ঝড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এজন্য আলিয়ার পাশে দাঁড়িয়ে পাল্টা পদক্ষেপও নিয়েছে এনসিবি।
সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চণ্ডীগড় শাখা সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে আলিয়া ভাটের একটি ভিডিও শেয়ার করে মাদকবিরোধী ক্যাম্পেইনের জন্য। সেখানেই মাদকমুক্ত ভারতের ডাক দিতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিও বার্তায় আলিয়া বলেন, মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য ভয়ংকর সমস্যা। মাদককে না বলুন, আর আপনার জীবনকে বেছে নিন। আসুন আমরা মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করি।
অভিনেত্রী আরও বলেন, ভিডিওর নিচে দেওয়া লিংকে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করে মাদকের বিরুদ্ধে ই-শপথ নিতে পারেন এবং এভাবেই এনসিবির এই উদ্যোগে যোগ দিতে পারেন।
এই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই একের পর এক কটাক্ষের বার্তা আসে আলিয়ার দিকে। কেউ আলিয়াকে আগে নিজের ঘর সামাল দেওয়ার পরামর্শ দেন। কেউ বলেন, ‘বলিউড মাদক নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, ভাবা যায়!’ কেউ কেউ বলিউড তারকাদের মাদকযোগের দাবিও তোলেন।
লাগাতার কটাক্ষের কারণে আলিয়া ভাটের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এর আগে বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। এই সময়ের অভিনেত্রী সারা আলি খান, দীপিকা পাড়ুকোনসহ একাধিক তারকাকে জেরা করেছিল সংস্থাটি।
উল্লেখ্য, আলিয়া ভাটকে সবশেষ দেখা গিয়েছিল ভাসান ভালার ‘জিগরা’ সিনেমায়। সামনে সঞ্জয় নীলা বানসালি নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং যশরাজ ফিল্মসের ‘আলফা’ সিনেমায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
/আবরার জাহিন