শাকিব খানের নতুন সিনেমার নাম ‘প্রিন্স’। এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হলো ২২ আগস্ট। পোস্টারে হাতে দুটি পিস্তল, চারপাশে বন্দুকধারীর ভিড়- অল্প আলোয় ভেসে উঠছে রাজধানী ঢাকার মানচিত্র। মানচিত্রে দেখা যাচ্ছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারীবাজার ও গেণ্ডারিয়ার নাম।
এমন ব্যতিক্রমী আবহে প্রকাশিত পোস্টারের মাধ্যমে ‘প্রিন্স’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করলেন শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে এই নায়ক লিখলেন, ঘোষণা করা হলো এক নতুন অধ্যায়ের-শহর চিনবে তার আসল নায়ককে।
সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ঢাকা’। পোস্টারের স্লোগানেও লেখা-‘শহর চিনবে তার আসল নায়ককে।’
ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন, তা এখনো চূড়ান্ত নয়। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, ছবিতে শাকিব খানের বিপরীতে তিন নায়িকার সঙ্গে কথা চলছে। বাংলাদেশের নাজিফা তুষি, কলকাতার ঈধিকা পাল ও মধুমিতা।
সিনেমাটি পরিচালনা করবেন নাটকের নির্মাতা আবু হায়াত মাহমদু। ক্রিয়েটিভ ল্যাডের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ বছরের শেষ দিকে দেশের বাইরে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘প্রিন্স’ সিনেমাটি।
/এমএস