বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রেখা। অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকতেন এই জীবন্ত কিংবদন্তি। এমনকি গত শতাব্দীতে অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তো এখনও শোবিজের আলোচিত বিষয়। তবে এবার এ অভিনেত্রীর অতীতের আরেকটি প্রেমকাহিনি সবার সামনে এসেছে। খুব বেশি আলোচনা না হলেও আশির দশকে এই বলিউড অভিনেত্রী নাকি পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।
রেখা ও ইমরান খান সেসময়ে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। এমনকি তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যেত, যা গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। যদিও শেষ পর্যন্ত তারা আর গাঁটছাড়া বাঁধেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৮৫ সালের একটি পুরনো স্টার রিপোর্ট। সেখানে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইয়ে রেখার সঙ্গে সময় কাটিয়েছিলেন। প্রায়ই তাদের সমুদ্র সৈকতে একসঙ্গে দেখা যেত।
প্রতিবেদনে বলা হয়, যারা রেখা ও ইমরানকে সৈকতে একসঙ্গে দেখেছেন, তারা তাদের ঘনিষ্ঠতা দেখে নিশ্চিত হয়েছিলেন অভিনেত্রী ও ক্রিকেট তারকা গভীরভাবে একে অপরকে ভালোবাসেন।
সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, রেখার মা পুষ্পাবল্লী ইমরান খানের ভক্ত ছিলেন এবং মেয়ের সঙ্গে তার বিয়েতেও আগ্রহ দেখিয়েছিলেন। দিল্লি গিয়ে এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শও করেছিলেন তিনি। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন সেটা আর জানা যায়নি। তবে রেখার মা নাকি বিশ্বাস করতেন, ইমরান তাদের পরিবারে উপযুক্ত সদস্য হতে পারেন।
অবশ্য প্রেমের সম্পর্ক নিয়ে রেখা ও ইমরান খান কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি। শেষ পর্যন্ত তাদের মধ্যে কী হয়েছিল, কেন তারা আলাদা হয়ে গেলেন-তা আজও রহস্যই রয়ে গেছে।
তবে শেষ পর্যন্ত দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে ১৯৯০ সালে বিয়ে করেন রেখা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে বছরের ২ অক্টোবর আত্মহত্যা করেন মুকেশ। এর পর থেকে আর কখনও বিয়ের পিঁড়িতে বসেননি এই বলিউড ডিভা।
/এমএস