এ সময়ের ছোটপর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শকদের অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত নাটকগুলো ইউটিউবে ভিউবিচারে রয়েছে শীর্ষ পর্যায়ে। বিশেষত হিমি এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে কাজ করেছেন।
দর্শকও হিমি-নিলয় অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন। তবে দীর্ঘদিন ধরে নতুন কোনো নাটকে কাজ করেননি এই অভিনেত্রী। কারণ হিমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। নিজের মতো করে সময় কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই নতুন নাটকে অভিনয় করলেন। আর এই নাটকে তিনি নন্দিত অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে কাজ করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ইতোমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এ সম্পর্কে হিমি বলেন, ‘দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। তার সঙ্গে আরও বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে। সত্যি বলতে কী, এই সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। সব যে একই ঘরানার গল্প এমন নয়, বিভিন্ন ধরনের গল্পের পাশাপাশি রোমান্টিক, কমেডি, এমনকি ভীষণ সিরিয়াস গল্পেও কাজ করার প্রস্তাব পাচ্ছি। তবে এর মধ্যে নারীপ্রধান কিছু গল্পেও কাজ করছি। কারণ এ ধরনের গল্পে আমার কাজ কম করা হয়েছে। যে কারণে এই সময়টাতে এসে আমি নারীপ্রধান গল্পের দিকেও একটু মনোযোগ দিচ্ছি। গল্পগুলো খুব ভালো। আমার বিশ্বাস, কাজগুলো দর্শকদের ভালো লাগবে।’
হিমি আরও বলেন, ‘এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনে করি একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরও পরিণত করতে পারে এই চ্যালেঞ্জিং সময়টাতেই। কারণ এক্সপেরিমেন্টাল কাজগুলোয় নিজেকে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকে। ধন্যবাদ সবাইকে- যারা আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং নাটকে কাজ করেছেন, যারা আমাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করেছেন। ধন্যবাদ আমার সব সহশিল্পীর প্রতি, বিশেষত নিলয় ভাই ও মোশাররফ ভাইয়ের প্রতি।’
এদিকে আজ ৪ অক্টোবর এই অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। জন্মদিন নিয়ে হিমি বলেন, ‘আজ আমার জন্মদিন। বিশেষ কোনো পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আরও ভালো ভালো নাটক উপহার দিতে পারি। সুস্থ থাকতে পারি।’
এদিকে ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে গত ১ অক্টোবর প্রকাশিত হয়েছে হিমি অভিনীত নতুন নাটক ‘হিটম্যান’। এটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকে নিলয় ও হিমি অভিনয় করেছেন। মুক্তির দুই দিনেই নাটকটি ইউটিউবে ১০ লাখেরও বেশি ভিউ হয়েছে।
এ সম্পর্কে হিমি বলেন, ‘হিটম্যান নাটকটা প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। নাটকের গল্পটি দারুণ। আমার বিশ্বাস, কোটি দর্শকরা এই নাটকটি উপভোগ করবেন।’
/আবরার জাহিন


.jpg)