বলিউডের কৌতুক অভিনেতাদের অন্যতম মুখ, গোবর্ধন আসরানি, সোমবার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। দীর্ঘ অসুস্থতার পর সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। দীপাবলির শুভেচ্ছা জানাতে একটি পোস্টও করেছিলেন, যা তার ভক্তদের কাছে শেষ স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে।
১৯৬০-এর দশকের মাঝামাঝি হিন্দি সিনেমায় প্রবেশের আগে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয় প্রশিক্ষণ নিয়েছিলেন আসরানি। শুরুতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও শীঘ্রই কৌতুক চরিত্রে তার অনন্য প্রতিভা প্রকাশ পায়।
পঞ্চাশ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি প্রায় ৩৫০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘শোলে’, ‘চুপকে চুপকে’সহ অসংখ্য ছবিতে তার অভিনয় দর্শক মনে অমর হয়ে আছে। বিশেষ করে ‘শোলে’-তে ভোলাভালা জেলারের চরিত্রটি আজও পপ-সংস্কৃতির অংশ।
কেবল হিন্দি সিনেমাতেই নয়, গুজরাটি ও রাজস্থানি ছবিতেও তিনি কাজ করেছেন এবং কিছু পরিচালনাও করেছেন। মেহমুদ, রাজেশ খান্না ও গোবিন্দার সঙ্গে তার কৌতুক জুটি বলিউডের নানা প্রজন্মের দর্শককে আনন্দ দিয়েছে।
কৌতুকের বাইরে তিনি মাঝে মাঝে নাটকীয় চরিত্রে অভিনয় ও পরিচালনারও কাজ করেছেন, যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ দেয়।
/এস লুপিন


.jpg)