বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ের পাশাপাশি আবারও সঙ্গীত জগতে ফিরেছেন। ভারতীয় ঐতিহ্যের ছোঁয়ায় ‘লাস্ট ক্রিসমাস’ গানটি দেশি সংস্করণে তৈরি করা হয়েছে। আর এই গানটিতেই কণ্ঠ দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত এই অভিনেত্রী। গানটি গুরিন্দর চাড্ডা পরিচালিত আসন্ন পারিবারিক সঙ্গীতধর্মী চলচ্চিত্র ‘ক্রিসমাস কর্মা’-এর অংশ। আসন্ন এ ছবিটি আগামী ১৪ নভেম্বর যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। আর ভারতে এটি ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে।
জানা গেছে, প্রিয়াঙ্কার এই পরিবেশনা ঐতিহ্যবাহী ভারতীয় সুরের সঙ্গে ক্রিসমাস সঙ্গীতের আনন্দময় আবহের মিশ্রণ ঘটিয়েছে। সঙ্গে গানটি ‘ক্রিসমাস কর্মা’ অ্যালবামেও থাকবে, যেখানে যুক্তরাজ্যের প্রাণবন্ত ও বৈচিত্র্যময় সঙ্গীত সংস্কৃতিকে উদযাপন করা হয়েছে। এই অ্যালবামটিতে প্রিয়াঙ্কার পাশাপাশি গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাহনি, শাজনে লুইস, পিক্সি লট ও বয় জর্জসহ আন্তর্জাতিক সব শিল্পীদের গানও থাকবে। ছবির সঙ্গে একই দিনে পুরো অ্যালবামটি প্রকাশিত হবে।
আবারও গানে ফেরা নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “গুরিন্দর চাড্ডা আমার প্রিয় বন্ধু এবং ‘ক্রিসমাস কর্মা’তে ছোট্ট ভূমিকায় তাকে সমর্থন করতে পেরে আমি আনন্দিত। আশা করি, ‘লাস্ট ক্রিসমাস’-এর এই দেশি সংস্করণটি দর্শকদের ভালো লাগবে।’’
পরিচালক গুরিন্দর চাড্ডা বলেন, “আমি জর্জ মাইকেলের বড় ভক্ত। তার ক্লাসিক ক্রিসমাস গানে আমাদের নিজস্ব টুইস্ট দেওয়ার অনুমতি দেওয়ার জন্য আমি তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। জর্জ ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ খুব ভালোবাসতেন, এমনকি এটা দেখার পর তিনি আমাকে চা খেতে আমন্ত্রণও জানিয়েছিলেন। আশা করি, তিনি স্বর্গে এই দেশি সংস্করণটি উপভোগ করবেন। আর তার ভক্তরা বিশ্বজুড়ে হিন্দি সুরে গলা মিলিয়ে গাইবেন।”
প্রিয়াঙ্কা চোপড়া প্রথম আন্তর্জাতিকভাবে গানের জগতে পা রাখেন ২০১২ সালে উইল আই এম-এর সঙ্গে ‘ইন মাই সিটি’ গানের মাধ্যমে। পরের বছর তিনি পিটবুলের সঙ্গে ‘এক্সোটিক’ গানটি প্রকাশ করেন। যদিও তার গানের যাত্রা শুরু হয় আরও অনেক আগে। ২০০২ সালের তামিল সিনেমা ‘তামিজান’-এর ‘উল্লাথাই কিল্লাথে’ গানটি গেয়ে সঙ্গীতে অভিষেক করেছিলেন এই লেডি সুপারস্টার।
এ ছাড়া বলিউডেও তিনি সাজান সাজান (বরসাত), চাওরো (মেরি কম), এবং দিল ধড়কনে দো ছবির টাইটেল ট্র্যাকের মতো জনপ্রিয় গান গেয়েছেন।
/এমএস


.jpg)