জনপ্রিয় ব্রিটিশ গায়িকা এবং ১৬ বার গ্র্যামিজয়ী অ্যাডেল এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। টম ফোর্ড পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘ক্রাই টু হেভেন’-এ অভিনয় করবেন তিনি। সিনেমাটি অ্যান রাইসের ১৯৮২ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে অ্যাডেলের সঙ্গে অভিনয়ে থাকছেন নিকোলাস হোল্ট, অ্যারন টেইলর-জনসন, সিয়ারান হিন্ডস, জর্জ ম্যাকে, মার্ক স্ট্রং, কলিন ফার্থ, পল বেটানি, হান্টার শ্যাফার ও থান্ডিউ নিউটনসহ আরও অনেকে।
‘ক্রাই টু হেভেন’ ১৮ শতকের ইতালিকে কেন্দ্র করে নির্মিত একটি পিরিয়ড ড্রামা। দুইটি চরিত্রকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে- একজন ভেনিসীয় সম্ভ্রান্ত ব্যক্তি এবং অন্যজন নপুংসক অপেরা গায়ক, যাদের জীবন অপ্রত্যাশিতভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। ছবিটির রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে আছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও নির্মাতা টম ফোর্ড। তিনি ‘আ সিঙ্গেল ম্যান’ (২০০৯) এবং ‘নকটার্নাল অ্যানিমেলস’ (২০১৬)-এর মতো ছবি নির্মাণের জন্য বিশেষভাবে পরিচিত।
ডেডলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি বর্তমানে লন্ডন ও রোমে প্রাক প্রোডাকশন পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে এর শুটিং শুরু হবে। জানা গেছে, টম ফোর্ড নিজেই ছবিটি প্রযোজনাও করছেন এবং শুটিং শেষ হলে তিনি বিতরণের সঙ্গেও যুক্ত থাকবেন। এটি আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ‘হ্যালো’, ‘রোলিং ইন দ্য ডিপ’, ‘চেজিং পেভমেন্টস’ এবং অস্কারজয়ী ‘স্কাইফল’-এর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সব গানের এই গায়িকা সম্প্রতি তার ‘লাস ভেগাস রেসিডেন্সি’ শো শেষ করেছেন। তবে অ্যাডেল আগেই জানিয়েছিলেন, আগামী কিছুদিন তার নতুন গান প্রকাশের কোনো পরিকল্পনা নেই এবং সৃজনশীলতার নতুন কোন দিকে যাত্রা করতে চান তিনি।
গত বছরের জুলাইয়েই এ গায়িকা ঘোষণা দিয়েছিলেন, ‘নতুন সংগীতের কোনো পরিকল্পনা নেই। এর পর আমি একটা বড় বিরতি চাই এবং কিছুদিন অন্য সৃজনশীল কাজ করতে চাই।’ তাই অ্যাডেলের বড় পর্দায় অভিষেক করতে যাওয়া এখন সেই নতুন অধ্যায়েরই সূচনা হিসেবে দেখা হচ্ছে।
/এমএস


.jpg)