কিংবদন্তি মারাঠি লোকশিল্পী ভিঠাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকর-এর জীবনীভিত্তিক ছবিতে কাজ করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ইঠা’ শিরোনামের এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন শ্রদ্ধা। তবে জানা গেছে, একটি নৃত্যদৃশ্যের শুটিং চলাকালে অভিনেত্রী দুর্ঘটনায় আহত হওয়ায় আপাতত ছবির কাজ বন্ধ রাখতে হয়েছে।
এর আগে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘স্ত্রী ২’ সিনেমায়। ছবিটি সে বছর সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল। তার পর মাঝে এক বছর আর বড় পর্দায় দেখা যায়নি শক্তি কাপুর কন্যাকে। বছরখানেক বিরতির পর এই ছবির মাধ্যমেই বলিউডে তার প্রত্যাবর্তনের কথা রয়েছে।
মিড-ডে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নৃত্যদৃশ্য ধারণের সময় শ্রদ্ধা কাপুরের পায়ের আঙুল ভেঙে যায়। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনৃত্য লাবণী পরিবেশনের সময় দ্রুতগতির পদক্ষেপে ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ওই দৃশ্যে তিনি নৌবরী শাড়ি, ভারী গয়না ও কামারপাট্টা পরে পারফর্ম করছিলেন। সূত্র বলছে, তরুণী ভিঠাবাঈয়ের চরিত্রে অভিনয়ের জন্য এই সিনেমায় শ্রদ্ধা ১৫ কেজিরও বেশি ওজন বাড়িয়েছেন। নাচের একপর্যায়ে তিনি শরীরের পুরো ওজন বাঁ পায়ের ওপর রাখার কারণেই ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনার পরপরই পরিচালক লক্ষ্মণ উতেকর শুটিং স্থগিত করেন। যদিও শ্রদ্ধা প্রথমে ক্লোজ আপ শটের দৃশ্যধারণ আহতাবস্থায়ই করে ফেলার পরামর্শ দেন, মাধ দ্বীপে কয়েকটি দৃশ্যও ধারণ করা হয়। কিন্তু পরে ব্যথা আরও বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত পুরো শুটিং বন্ধ করতে বাধ্য হন নির্মাতারা।
ছবির শুটিং পুনরায় কবে নাগাদ শুরু হতে পারে সে সম্পর্কে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন শ্রদ্ধা কাপুর। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ইউনিট আবার শুটিং শুরু করবে।
মারাঠার নৃত্যশিল্পী, অভিনেত্রী ও তামাশা শিল্পী ভিঠাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকর-এর জীবনীর ওপর ‘ইঠা’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে শ্রদ্ধা কাপুর থাকায় ছবিটি নিয়ে ভক্তদের উন্মাদনাও ব্যাপক।
/এমএস


.jpg)