‘হাওয়া’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রথম সিনেমা দিয়েই হইচই ফেলে দেন তিনি। ক্যারিয়ারের প্রথম সিনেমা সুপারহিট হয়। এবার সুমন নির্মাণ করেছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। অন্যদিকে সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের বাউলশিল্পী কানাই দাস বাউলের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এ গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
হাওয়া সিনেমার মতো এবারও গান দিয়েই দর্শকের কাছে পৌঁছাতে চাইছে নতুন সিনেমা ‘রইদ’। সেই ধারাবাহিকতায় আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বসতে যাচ্ছে ‘রইদের গান’ আসর।
জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠেয় বিশেষ এই আয়োজনে পারফর্ম করবে মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকুয়েন্সি। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে উপস্থিত থাকবেন ‘রইদ’ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে প্রথমবারের মতো সিনেমায় ব্যবহৃত গানটি সরাসরি পরিবেশন করবে ব্যান্ড মেঘদল। ‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ।
সাধু, তার পাগল স্ত্রী এবং একটি তালগাছকে ঘিরে নির্মিত এই গল্পে আদম-হাওয়ার আদিম আখ্যানের প্রতিফলন খুঁজেছেন নির্মাতা। গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি।
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়।