পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রিসোর্ট ব্র্যান্ড ছুটি রিসোর্ট। এ কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে বিভিন্ন ফলজ, বনজ ও দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
ছুটি রিসোর্ট জানায়, ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি ফলজ, বনজ ও বিরল প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই সবুজ আবাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরও নতুন উদ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে ছুটি রিসোর্টের চারটি রিসোর্ট এবং নির্মাণাধীন নতুন প্রকল্পগুলোতে প্রায় চার হাজার গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফি, ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইলের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদসহ রিসোর্টের কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিরা।
কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ শেষে বিদ্যা সিনহা মিম বলেন, “আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি। এর মাধ্যমে দেশকে সবুজায়িত করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করি।” তিনি এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য ছুটি রিসোর্টকে ধন্যবাদ জানান।
/এমটি