জাপানের উত্তরাঞ্চলে ইশিকাওয়া উপকূলে ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে ভারী বর্ষণের প্রভাবে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ইশিকাওয়া অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ওই অঞ্চলের অন্তত এক ডজন নদীর তীর প্লাবিত হওয়ার আশঙ্কা থাকার কারণে চারটি শহরজুড়ে ৪০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন নদীর প্রবল স্রোতে ভেসে গেছেন। এ ছাড়া প্রাণঘাতী নববর্ষ দিবসের ভূমিকম্পের পর রাস্তা মেরামত করা আরও চার শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
গতকাল সকালে ওয়াজিমায় ১২০ মিলিমিটিারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। এনএইচকে জানিয়েছে, এই অঞ্চলে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদ সুগিমোতো সাতোশি সাংবাদিকদের বলেছেন, ‘এই অঞ্চলে এর আগে কখনো এত বৃষ্টিপাতের অভিজ্ঞতা হয়নি। বাসিন্দাদের অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের জীবনের ঝুঁকি আসন্ন।’
সরকারি কর্মকর্তা কোজি ইয়ামামোতো এএফপিকে বলেন, ‘ওয়াজিমা শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি রাস্তা পুনঃসংস্কারে কাজ করছিলেন ৬০ জন। কিন্তু তারা গতকাল সকালে ভূমিধসের কবলে পড়েন। আমি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম। কিন্তু আমরা এখনো চারজনের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’ সূত্র: বিবিসি