যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক রলিন্সকে মনোনয়ন দিয়েছেন। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রলিন্স।
এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সবকটি পদে মনোনয়ন দেওয়া শেষ হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। রলিন্স চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান।
রবিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স যুক্তরাষ্ট্রের কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন। কৃষকরা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।’
ট্রাম্পের প্রথম মেয়াদেও রলিন্স হোয়াইট হাউসে কাজ করেছেন। তখন তাকে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। এ ছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
সিনেটের অনুমোদন পেলে কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন। সূত্র: বিবিসি